নজিরবিহীন নিরাপত্তা ! ভোটমুখী বঙ্গে ফের অতিরিক্ত ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত !
এর আগে ২৪০০ কোম্পানি বাহিনী মোতায়েনের যে সিদ্ধান্ত হয়েছিল, তার অতিরিক্ত হিসেবেই এই ১৫০ কোম্পানিকে পাঠানো হচ্ছে। এর মধ্যে সিআরপিএফ CRPF-এর ৩২, বিএসএফের BSF-এর ৫৫, সিআইএসএফের CISF-এর ৬ এবং এসএসবির SSB-এর ২ কোম্পানি রয়েছে। এছাড়াও মিজোরাম, মেঘালয়,অসম সহ অন্যান্য ভিন রাজ্য থেকে মোট ৫৫ কোম্পানি এসএপি SAP পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে।
৭ এ নিউজ ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দিন ঘোষণার পর থেকেই নিরাপত্তার প্রশ্নে কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এ রাজ্যে আরও ১৫০ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী (CAPF) এবং ভিনরাজ্যের সশস্ত্র পুলিশ (SAP) পাঠানো হচ্ছে। ১৮ এপ্রিলের মধ্যেই এই বাহিনীকে রাজ্যে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এর আগে ২৪০০ কোম্পানি বাহিনী মোতায়েনের যে সিদ্ধান্ত হয়েছিল, তার অতিরিক্ত হিসেবেই এই ১৫০ কোম্পানিকে পাঠানো হচ্ছে। এর মধ্যে সিআরপিএফ (CRPF)-এর ৩২, বিএসএফের (BSF)-এর ৫৫, সিআইএসএফের (CISF)-এর ৬ এবং এসএসবির (SSB)-এর ২ কোম্পানি রয়েছে। এছাড়াও মিজোরাম, মেঘালয়,অসম সহ অন্যান্য ভিন রাজ্য থেকে মোট ৫৫ কোম্পানি এসএপি (SAP) বা সশস্ত্র বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে।রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজি-কে (DGP) পাঠানো এই বার্তায় স্পষ্ট করা হয়েছে যে, নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না। ১৮ এপ্রিলের মধ্যে বাহিনী মোতায়েন সম্পূর্ণ হলে স্পর্শকাতর বুথগুলিতে টহলদারির কাজ আরও জোরালো করা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, মার্চের শুরুতে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিলো। পরবর্তীতে পর্যায়ক্রমে যে আরও ১৯২০ কোম্পানি বাহিনী পাঠানো হবে তা গত ১৯ শে মার্চ বিবৃত জারি করে জানিয়েছিল অমিত শাহের মন্ত্রক। আর তার মাঝেই এদিন এল ফের নির্দেশিকা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে অতিরিক্ত ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই বাহিনীর মধ্যে থাকবে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এবং এসএসবি-র জওয়ানরা। নির্বাচন চলাকালীন এলাকায় দখলদারি, ভোটের দিন নিরাপত্তা, ইভিএম ও স্ট্রংরুম পাহারা, গণনা কেন্দ্রের নিরাপত্তা – সব ক্ষেত্রেই এই বাহিনী ব্যবহার করা হবে।
২০২১’র বিধানসভা নির্বাচনে বাংলায় আট দফায় ভোট হয়েছিল। এবার অবশ্য দু দফাতেই ভোট পর্ব মেটানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফল ঘোষণা ৪ ঠা মে। নজিরবিহীন ভাবে চলতি বছরে ভোট ঘোষণার আগেই রাজ্যে শোনা যাচ্ছিলো বুটের শব্দ। কারণ মার্চের শুরুতেই বঙ্গে পৌঁছয় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট ২৪০০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকার কথা ছিল রাজ্যে।তবে এদিনের নির্দেশিকার পর রাজ্যে ভোট উপলক্ষ্যে মোট ২৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আগামীতে আরও বাড়তে পারে সংখ্যাটা।আর এই নজিরবিহীন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কারণে এবারের ভোট কি সত্যিই শান্তিপূর্ণ হবে নাকি ফি নির্বাচনের মতো এবারের ভোটেও দেখা যাবে সন্ত্রাসের ছবি ? উত্তর দেবে সময়ই।



