যুবভারতীর সামনে থেকে সরানো হলো মমতার নকশায় তৈরী ‘বিতর্কিত’ মূর্তি
মন্ত্রী নিশীথ প্রামানিক মন্তব্য করেছিলেন যে, এই ধরনের অদ্ভুত এবং বিদঘুটে একটি মূর্তি, যেখানে একটি কাটা পায়ের উপর ফুটবল বসানো রয়েছে, যার কোনো অর্থ নেই, সেটি পরিবর্তন করা হবে। তিনি জানান, এর পরিবর্তে বিখ্যাত কোনো ফুটবলারের মূর্তি স্থাপন করা হবে।
নিজস্ব সংবাদদাতা : সালটা ছিল ২০১৭, আন্ডার-১৭ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে ছিল ভারত এবং প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতাতে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যুবভারতী ক্রীড়াঙ্গনকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য,যুবভারতীর ভিআইপি গেটের সামনে একটি বিশাল মূর্তি স্থাপন করে। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই বিজেপি সরকার সেই মূর্তিটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল, আর এই ঘটনার ধারাবাহিকতায়, যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ও নকশায় তৈরি করা মূর্তিটি অবশেষে সরানোর কাজ শুরু হয়েছে।
গত রবিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক কলকাতা ডার্বি ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি এই মূর্তি সরানোর বিষয়ে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, মূর্তিটি সরানো হবে। মন্ত্রী নিশীথ প্রামানিক মন্তব্য করেছিলেন যে, এই ধরনের অদ্ভুত এবং বিদঘুটে একটি মূর্তি, যেখানে একটি কাটা পায়ের উপর ফুটবল বসানো রয়েছে, যার কোনো অর্থ নেই, সেটি পরিবর্তন করা হবে। তিনি জানান, এর পরিবর্তে বিখ্যাত কোনো ফুটবলারের মূর্তি স্থাপন করা হবে।
মন্ত্রীর এই ইঙ্গিতের পরেই শুক্রবার মধ্যরাতে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছে। তবে মূর্তিটিকে সম্পূর্ণরূপে গোড়া থেকে সরানো হয়নি। শুধুমাত্র মূর্তির পায়ের মোজার উপরের অংশ কেটে বাদ দেওয়া হয়েছে। এখনও সেখানে এক জোড়া মোজা ও জুতো এবং দুটি ফুটবল রয়ে গেছে। ধারণা করা হচ্ছে যে, খুব শীঘ্রই মূর্তির বাকি অংশটিও সরিয়ে দেওয়া হবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর নকশায় তৈরী এই মূর্তিটি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এবার রাজ্যে পালাবদলের পরে শেষ পর্যন্ত সরানো হলো এই মূর্তিটি, পরবর্তীতে এই জায়গায় কার মূর্তি বসানো হয় সেইদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।


